ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার
বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে মারধরের পর গ্রেপ্তার এড়াতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন করেন পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সালাম। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষে রোগী দেখছিলেন মেডিকেল অফিসার ডা. সুরঞ্জিত দাস। এ সময় সালামের বাবা মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর কক্ষে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি বেলায়েত তাঁর ছেলে সালামকে জানান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে তিন-চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন সালাম। এ সময় চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক।
ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের বলেন, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলায় সালাম তাঁর চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। এ সময় তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়িতে আত্মগোপন করেন সালাম। পরে অভিযান চালিয়ে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
এ ঘটনার পর চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাঁরা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান হোসেন সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করা হয়েছে।
কমেন্ট বক্স