নির্ভরযোগ্য সংবাদ, সবার আগে
টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের দুটি ঘর বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

 ফরিদপুরের আলফাডাঙ্গায় কোনো ধরনের নিলাম বা টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি সেমিপাকা টিনশেড ঘর ভেঙে মালামাল বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার ৩৯ নম্বর টিটা পানাইল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইনামুল হক খানের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দুটি সেমিপাকা টিনশেড ঘরের টিন, ইটসহ বিভিন্ন মালামাল সরকারি নিয়ম ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, ঘর দুটির মালামাল বিক্রির ক্ষেত্রে কোনো প্রকাশ্য বিজ্ঞপ্তি, নিলাম কিংবা মূল্য নির্ধারণের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। গত এক সপ্তাহ ধরে ক্রেতারা এসব মালামাল ভেঙে নিজ নিজ স্থানে নিয়ে যাচ্ছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুটি সেমিপাকা টিনশেড ঘরের মধ্যে একটির সম্পূর্ণ কাঠামো ভেঙে ফেলা হয়েছে। ঘরটির ইট নসিমনে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। অপর ঘরটির টিনের চালা ও বেড়াও ইতিমধ্যে খুলে নেওয়া হয়েছে।

এ সময় ইট ভাঙার কাজে নিয়োজিত শিকড়পুর গ্রামের হরেকৃষ্ণ মণ্ডল জানান, তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হক খানের কাছ থেকে মাত্র ২০ হাজার টাকায় ঘর দুটির ইট কিনেছেন। গত তিন দিন ধরে তিনি এসব ইট ভেঙে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুসলিমা বেগম এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ঘর ভাঙা ও মালামাল বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না।
হাবিব নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ভারপ্রাপ্ত শিক্ষক একা একাই নিজের মত করে বিক্রি করে দিয়েছেন। ইট বিক্রয় করেছেন ১৯ হাজার টাকা, ভাঙ্গে বিক্রেতার কাছে ১৫ হাজার টাকার টিন, কাটকুটি সতের হাজার টাকা। শিক্ষক হয়ে কাজটি ঠিক করে নাই। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হক খান প্রথমে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘরগুলো টেন্ডার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে আর টেন্ডার দেওয়া হয়নি। ঘরের টিনগুলো ভাঙারির কাছে আড়াই হাজার টাকায় বিক্রি করেছেন। বিক্রির টাকা দিয়ে বিদ্যালয়ে সুপারি গাছ লাগিয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার হোসেনে বলেন এই মাত্র নিউজ দেখেছি আগামী বরিবার (০১ নভেম্বর) সরজমিনে তদন্তে যাব। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের প্রশ্ন আরও বলেন অন্যায়কারীকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। 

অন্যদিকে, বিষয়টি নিয়ে আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।দোষীদের বিরুদ্ধে কোন ছাড় হবে না। 
 
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত কে,এম তৈফিকুর রহমান বলেন আপনাদের মাধ্যমে জানতে পারলাম আগামী রবিবার তদন্তে পাঠানো হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমি জেলার মধ্যে কোন অন্যায় হতে দেব না।  

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ বিক্রির ক্ষেত্রে যথাযথ নিয়ম ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।