নির্ভরযোগ্য সংবাদ, সবার আগে
ad728

আজ ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস,মেলেনি রাষ্ট্রীয় মর্যাদা

প্রিন্ট
আজ ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস,মেলেনি রাষ্ট্রীয় মর্যাদা
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

আজ ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস,মেলেনি রাষ্ট্রীয় মর্যাদা


কুমিল্লা প্রতিনিধি

আজ ১১ নভেম্বর। ১৯৭১ সালের এই হিমেল ভোরের আলো ফোটার আগেই কুমিল্লার চৌদ্দগ্রামের ভারত সীমান্তবর্তী জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামটি ওলটপালট হয়ে গিয়েছিল বুলেটের শব্দে আর তরতাজা তরুণদের বুকের রক্তে। আজ সেই রক্তঝরা ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস। ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৯ জন বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের আজ ৫৫ বছর পূর্তি। কিন্তু পাঁচ দশক পেরিয়েও এই রণাঙ্গনের অনেক বীরত্বগাথা আজও রয়ে গেছে প্রচারের আড়ালে।


মেলাঘরের ক্যাম্প থেকে উচ্চতর সামরিক ও গেরিলা প্রশিক্ষণ শেষ করে স্বদেশের মাটিতে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ১০ নভেম্বর রাতে সীমান্ত অতিক্রম করেছিল ৬৮ জনের একটি চৌকস গেরিলা দল। লক্ষ্য ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে নিরাপদ ঘাঁটিতে পৌঁছানো। শীতের আগমনী বার্তায় তখন চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। ১১ নভেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা যখন মহাসড়কের কাছাকাছি পৌঁছান, ঠিক তখনই ওঁৎ পেতে থাকা পাকিস্তানি হানাদার বাহিনী আধুনিক ও ভারী অস্ত্র নিয়ে চারদিক থেকে তাদের অবরুদ্ধ করে ফেলে।


আকস্মিক এই আক্রমণের মুখে শত্রুর বুলেটের সামনে বুক পেতে দেওয়ার এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন দলের অন্যতম কমান্ডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রনেতা নিজাম উদ্দিন আজাদ। তিনি বুঝতে পেরেছিলেন, পাল্টা আক্রমণ না চালালে দলের ৬৮ জন সদস্যের কেউই বেঁচে ফিরতে পারবেন না। তিনি সহযোদ্ধাদের উদ্দেশ্যে চিৎকার করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেন এবং নিজে মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে পাকিস্তানি বাহিনীর বাঙ্কারের দিকে মরণজয়ী চার্জ করেন।

কয়েক ঘণ্টার সেই অসম সম্মুখযুদ্ধে নিজাম উদ্দিন আজাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীকে বুক দিয়ে ঠেকিয়ে রেখেছিলেন মোঃসিরাজুম মুনীর জাহাঙ্গীর,বশিরুল ইসলাম মাস্টার,শহীদুল্লাহ সাউদ, আওলাদ হোসেন, জহিরুল হক,আবদুল কাইয়ুম,মোহাম্মদ শফিউল্লাহ ও আবদুল কাদের।আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এই ৯ জন তরুণ কেবল সামান্য থ্রি-নট-থ্রি রাইফেল আর অদম্য দেশপ্রেম নিয়ে লড়াই করেছিলেন। তাদের এই আত্মঘাতী প্রতিরোধের কারণেই দলের বাকি ৫৯ জন গেরিলা যোদ্ধা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান,যারা পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে পাক বাহিনীকে পরাস্ত করেছিলেন।


যুদ্ধ শেষে পাকিস্তানি সেনারা যখন স্থান ত্যাগ করে, তখন স্থানীয় গ্রামবাসী কুয়াশা ও রক্তের গন্ধ মাখা রণক্ষেত্রে ছুটে যান। তারা দেখতে পান বীর যোদ্ধাদের ক্ষতবিক্ষত মরদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরম মমতায় গ্রামবাসীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই একটি যৌথ গণকবর খুঁড়ে এই ৯ বীর সন্তানকে সমাহিত করেন। পরবর্তীতে ১৯৭৩ সালের ১১ নভেম্বর কমরেড মণি সিংহ এখানে একটি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,যা ২০১৫ সালে মহাসড়ক সম্প্রসারণের সময় নতুন রূপ পায়।


৫৫টি বছর ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন এই গণকবরের পাশ ঘেঁষে চলে যায়।অনেকে হয়তো জানেনই না,এই মাটির নিচেই ঘুমিয়ে আছেন সেই ৯ জন সূর্যসন্তান, যাদের রক্তে কেনা স্বাধীনতা আজ আমরা ভোগ করছি। স্থানীয় প্রবীণ ও বেঁচে যাওয়া সহযোদ্ধাদের মনে আজও একটাই আক্ষেপ—বেতিয়ারার এই মহাকাব্যিক আত্মত্যাগ এখনো রাষ্ট্রীয়ভাবে সেই ঐতিহাসিক স্বীকৃতি পায়নি,যা পাওয়ার যোগ্য ছিল এই স্বাধীন দেশের মাটিতে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার সোশ্যাল নিউজ কার্ড।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি সংবাদের জন্য স্কয়ার HD কার্ড তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

কমেন্ট বক্স

এ জাতীয় আরও খবর